১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোশাল মিডিয়ায় অপপ্রচারের পাল্টা জবাব দিতে হবে: টুকু

নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে সবাই ঐক্যবন্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সোশাল মিডিয়ায় অপপ্রচারের পাল্টা জবাব দিতে হবে: টুকু
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে পৌরসভার বেশকিছু ওয়ার্ডের নতুন কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

সোশাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি ছায়াশক্তি সৎ মানুষের শাসন কায়েমের কথা বলে সোশাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারে মেতে উঠেছে। 

“তারা এমনভাবে অপপ্রচার করছে যেন, শুধু বিএনপির নেতাকর্মীরাই চাঁদাবাজি ও দখল বাণিজ্য করছে। আর এই প্রচারণা এমন পর্যায়ে যাচ্ছে, যা মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। তাই বিএনপির নেতাকর্মীদের উচিত সোশাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওই সব মিথ্যাচারের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া।”  

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে পৌরসভার বেশকিছু ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন সাবেক এই প্রতিমন্ত্রী।

জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে বিএনপি নেতা টুকু আরো বলেন, “বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মুসলমান এবং তারা ধর্মভীরু। সেই সুযোগ কাজে লাগিয়ে এখন একটা দল বেরিয়েছে। ওই দলের মহিলারা ভোরে ফজরের নামাজ পড়ে বোরকা পরে আমাদের মা-বোনদের কাছে যাচ্ছে। তারা দেশে ইসলাম পুনঃপ্রতিষ্ঠার দোহাই দিয়ে ভোট প্রার্থনা করছে। কেন? আমরা কী ধর্ম থেকে খারিজ হয়ে গেছি যে, ইসলাম ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা লাগবে।” 

এ পরিস্থিতিতে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে সবাই ঐক্যবন্ধ থেকে ছায়াশক্তির সব ষড়যন্ত্র প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।