১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাতিয়ায় বিএনপি প্রার্থীর বাসায় হামলা, ‘ভুল বোঝাবুঝি’ বলল নৌবাহিনী

রাতে হাতিয়া দ্বীপ কলেজের পাশে নৌবাহিনীর ক্যাম্পের পাশে জায়গা দখলকে কেন্দ্র করে একটি পক্ষ হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 01:51 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানার সামনে প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত এ দুঃখ প্রকাশ করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাত ৮টার দিকে নৌবাহিনী ক্যাম্পের পেছনে কিছু দুষ্কৃতকারী জমিজমা সংক্রান্ত বিষয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়। এ সময় নৌবাহিনীর ক্যাম্পের নিরাপত্তা শঙ্কায় তাৎক্ষণিক নৌবাহিনী সদস্যরা সেখানে ছুটে যায় এবং দুষ্কৃতকারীদের ধাওয়া করে। 

“এই পরিস্থিতিতে দুষ্কৃতকারীদের ধরার জন্য নৌবাহিনীর কয়েকজন সদস্য বিএনপির সংসদ সদস্য প্রার্থী শামীম সাহেবের বাসায় প্রবেশ করেন। এমন একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির প্রেক্ষিতে সেখানে ভুল বোঝাবুঝির জন্য নৌবাহিনী দুঃখ প্রকাশ করছে।”

এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভবিষ্যতে যেন না হয় সেজন্য আরও সতর্ক থাকবেন বলেও তিনি জানান। 

এই পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের অপতথ্য থেকে আপনারা দূরে থাকুন এবং অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। বাংলাদেশ নৌবাহিনী ক্যাম্প আক্রান্ত হয়নি। আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে হাতিয়ার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকব।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, হাতিয়া দ্বীপ কলেজের পাশে নৌবাহিনীর ক্যাম্পের পাশে জায়গা দখলকে কেন্দ্র করে একটি পক্ষ হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে নৌবাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হয়েছে মনে করে ঘটনাস্থলে আসে। 

এ সময় সন্দেহজনক কয়েকজন দৌঁড়ে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের বাসায় ঢুকে পড়ে। পেছনে পেছনে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করেন। 

সেখানে কয়েকটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ঘটনার সময় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বাসার বাইরে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি বাসায় এসে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। 

এক পর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পারে এবং পরে দুঃখ প্রকাশ করে।