১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়া-২: জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আবেদন

“নির্বাচনি আইন লঙ্ঘন করায় আমি অভিযোগ দিয়েছি। এর যথাযথ ব্যবস্থা চাই।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 07:09 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে  মনোনয়নপত্র বাতিলের আবেদন করা হয়েছে।

একই আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু মঙ্গলবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামের মনোনয়নপত্র বাতিলের আবেদন জানিয়েছেন।

বগুড়া জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম অভিযোগ পাবার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

অভিযোগে বলা হয়েছে, নির্বাচন কমিশনের পরিপত্র ৪-এর ধারা ২০-এর উপধারা (ঘ) অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পদে থাকলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই পদত্যাগ করতে হয়। কিন্তু সংশ্লিষ্ট প্রার্থী তা করেননি।

ফলে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র আইনগতভাবে বাতিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মনোনয়ন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু বলেন, “নির্বাচনি আইন লঙ্ঘন করায় আমি অভিযোগ দিয়েছি। এর যথাযথ ব্যবস্থা চাই।” 

এ প্রসঙ্গে জামায়াত প্রার্থী মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আছার উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।