১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

শনিবার জমি নিয়ে আবুল হোসেন খানের সঙ্গে তার চাচাতো ভাই মিলন খান ও জাফর খানদের মারামারি হয়।

বরিশালে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
সাইদুল ইসলাম সজিব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 05:28 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বরিশালের বাকেরগঞ্জে চাচাদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত এক কলেজ ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

সোমবার গভীর রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা।

নিহত সাইদুল ইসলাম সজিব (২৫) বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের বাসিন্দা আবুল হোসেন খানের ছেলে। তিনি সরকারি বরিশাল কলেজের বিবিএর শিক্ষার্থী। 

এ ঘটনায় নিহতের এক চাচা জাফর খানকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহত কলেজ ছাত্রের ফুফাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার জমি নিয়ে মামা আবুল হোসেন খানের সঙ্গে তার চাচাতো ভাই মিলন খান ও জাফর খানদের মারামারি হয়। এক পর্যায়ে মামাতো ভাই সজিবের মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত সজিবকে ঢাকায় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

এছাড়া ওই হামলায় আবুল হোসেন খান (৬৫),  তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), স্বজন হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ওসি কেএম সোহেল রানা বলেন, “জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সজিব। 

“মঙ্গলবার সকালে লাশ নিয়ে স্বজনরা এসেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি আরও বলেন, “এ ঘটনায় দুই পক্ষের দুইটি মামলা রয়েছে। নিহতের পক্ষের মামলাটি হত্যা মামলায় রুপান্তর হবে। এ মামলার ২ নম্বর আসামী জাফর খানকে গ্রেপ্তার করা হয়েছে।”