জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য হতে হবে: নাহিদ
জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র ৫ অগাস্টের মধ্যে হতেই হবে, বলেন তিনি।
জুলাই সনদ শুধু সংস্কারের তালিকা না হয়ে তা যেন বাস্তবায়ন হয়, সেজন্য সব দলকে ঐকমত্যে আসার ব্যাপারে জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
একই সঙ্গে জাতীয় এ সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, এমন দাবিও আবার তুলেছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী সড়কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশে এই দাবি তোলেন এনসিপি নেতা নাহিদ।
তিনি বলেন, “জুলাই সনদ হতেই হবে, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যে সরকার আসুক এই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে।”
নাহিদ বলেন, “৫ অগাস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর বিকল্প আমরা দেখতে চাই না। সরকার সনদের খসড়া প্রকাশ করেছে। জুলাই সনদ শুধু সংস্কারের তালিকা হলে হবে না, এটি কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে ঐকমত্য হতে হবে।”
তিনি বলেন, “আমরা আশা করছি, ৫ আগস্টের আগেই অন্তর্বর্তীকালীন সরকার এবং সব রাজনৈতিক দল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে।
“আমরা সবাই মিলে আকাঙ্ক্ষিত গণঅভ্যুত্থানের একবছর উদযাপন করতে পারব।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মো. মহসিন উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ।
এনসিপির পথসভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে গাজীপুরের বিভিন্ন মোড়ে ও সমাবেশস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। রাজবাড়ী সড়কে বন্ধ থাকে সব ধরনের যান চলাচল।
এর আগে, এনসিপির কেন্দ্রীয় নেতরা টাঙ্গাইলের পথসভা শেষে গাজীপুরে কালিয়াকৈর উপজেলা হয়ে শ্রীপুর উপজেলার মাওনা যান। সেখানে বিকালে পথসভা শেষে গাজীপুর শহরের রাজবাড়ীতে সড়কের পথসভায় আসেন তারা।
