মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
রোববার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুরের পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকা থেকে ৩৪ বছর বয়সী সুজনকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।
সুজন মহিষেরচর গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করতেন।
ওসি আদিল হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
“এখন সুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী সময় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
