Published : 23 Dec 2025, 06:07 PM
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যাসহ ‘মব সন্ত্রাসের’ বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচিতে জাতীয় হিন্দু মহাজোট এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পণ্ডিত ভজন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খগেনচন্দ্র মণ্ডল, মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশী বক্তব্য দেন।
এ সময় প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতা সত্যেন কান্তি বলেন, দ্রুত সময়ের মধ্যে দিপু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ‘মব সন্ত্রাস’ নামের যে নৈরাজ্য চলছে, তা বন্ধেও সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশ শেষ শহরের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিরটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়।