Published : 16 Jun 2026, 11:51 AM
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় একজনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। তবে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও স্থানীয়রা।
সোমবার রাতে উপজেলার ঝাউডাংগা বিওপির ১০৭৮ পিলারের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
বিজিবি ও স্থানীয়রা জানান, সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা থেকে ৩৫ বছরের এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে ওই ব্যক্তিকে আবার ফেরত পাঠিয়ে দেয়।
মঙ্গলবার সকালেও ওই ব্যক্তি আন্তর্জাতিক শূন্য রেখায় অবস্থান করছেন।
স্থানীয় মকবুল হোসেন বলেন, “এক ব্যক্তি বাংলাদেশে ঢোকার চেষ্টা করার সময় বিজিবি ও আমরা বাধা দেই। সে প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করে। কিন্ত সে কোনো ঠিকানা বলতে পারেনি। পরে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।”
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিএসএফ কৌশলে করে এখন দুর্গম পাহাড়ী অঞ্চল দিয়ে পুশ ইনের চেষ্টা করছে। রাতে একজনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় ঢুকতে ব্যর্থ হয়ে ওই ব্যক্তি শূন্য রেখায় অবস্থান করছেন।”