Published : 19 Jan 2026, 11:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসমাবেশে চার থেকে পাঁচ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল রোববার সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আগামী ২২ জানুয়ারি বিকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে (সরাইল মিনি স্টেডিয়াম) আয়োজিত জনসমাবেশে তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন বলেন, “দেশে আসার পর এবং বিএনপির চেয়ারম্যান হওয়ার প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে তার নির্বাচনি সমাবেশ শুরু হবে সিলেট থেকে। তিনি বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসায় বক্তব্য রাখবেন।
“ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৌলভীবাজারের শেরপুরে দুপুর ১ টায় বক্তব্য রাখবেন। তারপর বক্তব্য রাখবেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সমাবেশে। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়ার সমাবেশে যোগ দেবেন। ব্রাহ্মণবাড়িয়া থানা বিএনপি থেকে জানানো হয়েছে, সমাবেশে তিনি বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে বক্তব্য রাখবেন।”
তিনি বলেন, “নির্বাচনি সভায় সময় নির্ধারণ করা কঠিন। আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে সভা করেছি। সবাইকে সময় বিকাল ৩টা থেকে ৪টার কথা বলেছি। তবে সময় বাড়তেও পারে; সেটিও নেতাকর্মীদের জানানো হয়েছে।
“তারেক রহমানের নির্বাচনি সমাবেশে চার থেকে পাঁচ লাখ লোকের সমাগম ঘটবে। সমাবেশস্থলে মঞ্চে সীমিত লোকজন থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ জোটের শরিক দলের প্রার্থীরাও উপস্থিত থাকবেন। তারা এখন আমাদের দলের প্রার্থী। জোটসহ দলের প্রার্থীদের চেয়ারম্যান সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সহ-সভাপতি শফিকুল ইসলাম, এ বি এম মোমিনুল হক, জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।