১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত: বিভাগীয় কমিশনার

“বাইরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে কৃত্রিম সংকট বা বিভ্রান্তি তৈরি হচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 03:44 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

রাজশাহীতে সারের কোনো সংকট নেই বলে বলেছেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। 

তিনি বলেছেন, “কৃষকদের চাহিদা মেটাতে সরকারি গুদামে পর্যাপ্ত ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে, যা জেলার মাসিক চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি।”

মঙ্গলবার দুপুরে নগরের নওদাপাড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইউসুফ আলী বলেন, বিসিআইসির বাফার গুদামে বর্তমানে নয় হাজার ৮০৪ টন ইউরিয়া, ৪৩০ টন টিএসপি ও ৮৫ দশমিক ৫ টন ডিএপি সার মজুত রয়েছে। অপরদিকে বিএডিসির গুদামে ছয় হাজার ৩১২ টন টিএসপি, ৮০১ টন এমওপি ও চার হাজার ৩৪৮ টন ডিএপি সার রয়েছে।

তিনি বলেন, চলতি মাসে রাজশাহীতে টিএসপি সারের বরাদ্দ এক হাজার ৪৫ টন হলেও গুদামে আছে প্রায় ছয় হাজার ৩০০ টন। একইভাবে ইউরিয়া সারের পাঁচ হাজার ৭০০ টন বরাদ্দের বিপরীতে একটি গুদামেই রয়েছে প্রায় ১০ হাজার টন সার।

বিভাগীয় কমিশনার বলেন, বাইরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে কৃত্রিম সংকট বা বিভ্রান্তি তৈরি হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী ডিলারদের মাধ্যমে নিয়মিত সার সরবরাহ করা হচ্ছে।

সার নিয়ে কোনো গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। 

পরিদর্শনকালে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন উপস্থিত ছিলেন।