‘ইলা মিত্র ছিলেন সংগ্রাম-সাহসের প্রতীক’
বরিশালে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালন।
তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের কীর্তনখোলা মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, ইমাম হোসেন খোকন, শুভঙ্কর চক্রবর্তী, এইচ মোজাফফর ইমন, মোস্তাফিজুর রহমান, রেজওয়ান হোসেন সিয়াম, উম্মে হালিমা লাবনী।
মনীষা চক্রবর্তী বলেন, “ইলা মিত্র শুধু একটি নাম নয়, একটি বিপ্লবের ইতিহাস। তিনি ছিলেন সংগ্রাম ও সাহসের প্রতীক। জমিদার পরিবারের পুত্রবধূ হয়েও আয়েসি জীবন ত্যাগ করে তিনি সাঁওতাল কৃষকদের স্বার্থে সংগ্রামে নামেন। সাঁওতালরা স্নেহের সঙ্গে তাঁকে ডাকতেন ‘রানিমা’ বলে।
বক্তারা বলেন, ইলা মিত্রের সংগ্রাম আজও সমান প্রাসঙ্গিক। জেল-জুলুম, নির্যাতন কিছুই তাকে দমাতে পারেনি। একটি শোষণমুক্ত, সাম্যবাদী সমাজ গঠন ছিল তার জীবনের লক্ষ্য। ইলা মিত্র কেবল ইতিহাস নন; তিনি ভবিষ্যত প্রজন্মেরও প্রেরণা।
অনুষ্ঠান শেষে ১০টি স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
