Published : 08 Nov 2025, 01:15 PM
নারায়ণগঞ্জে ট্রলার থেকে নামতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান।
মারা যাওয়া জয়কৃষ্ণ সাহা (১৯) নরসিংদী জেলার বিশ্বজিৎ সাহার ছেলে।
জয়কৃষ্ণের মামা সুশান্ত কুমার সাহা বলেন, জয় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টিতে একটি দোকানে কাজ করতেন এবং বন্দরের আমিন হাউজিং এলাকায় পরিবারসহ ভাড়ায় বসবাস করতেন।
সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে জয়কৃষ্ণ নদীতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়, তবে রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি।
শনিবার সকালে পুনরায় অভিযান শুরু হলে বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।