Published : 28 Mar 2026, 09:59 PM
পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছচাপায় এক বৃদ্ধার প্রাণ গেছে। এ ছাড়া দেয়াল ধসে এক দম্পতি আহত হয়েছেন। ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার চানপাড়া এলাকায় ওই বৃদ্ধা মারা যান বলে জানান পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।
নিহতের নাম চাকাতি বালা (৭৮)। ঝড়ের সময় তিনি বাড়িতে একা ছিলেন।
খবর পেয়ে শনিবার সকালে ইউএনও ফাহমিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
শুক্রবার রাত ১১টার দিকে জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ১২টার পর শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব।
সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় ঝড়ে একটি বড় গাছ চাকাতি বালার ঘরের ওপর পড়ে। এতে ঘরটি ভেঙে যায় এবং গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকায় ঝড়ের সময় ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাশের একটি তিনতলা ভবনের ছাদের দেয়াল ধসে তাদের ঘরের ওপর পড়ে। এতে তারা আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়।
সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ভেসে ওঠে ক্ষয়ক্ষতির চিত্র। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শিলাবৃষ্টি ও ঝড়ে অসংখ্য ঘরের টিনের চাল উড়ে গেছে। খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকেই।
জেলা সদর, আটোয়ারী ও বোদা উপজেলায় ভুট্টা, গম ও বিভিন্ন শাকসবজিসহ রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া ঝড়ে লিচু ও আমের মুকুল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকরা।