Published : 24 Sep 2025, 05:26 PM
পৌনে সাত কোটি টাকা আত্মসাতের মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান।
গ্রেপ্তার রাকিবুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
মামলা থেকে জানান গেছে, ২০১৮ সালে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান রাকিবুল ইসলাম। সেই সময় ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায় এবং স্কুলের এফডিআর ও একাধিক ব্যাংক হিসাব নম্বর থেকে টাকা তুলে আত্মসাৎ করা হয়; যার পরিমাণ প্রায় ৭ কোটি টাকা।
পরে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব ফিরে পান। এরপর রাকিবুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতি প্রকাশ পায়। একই বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে আদালতে মামলা করেন আব্দুল মজিদ।
ওসি রাকিবুল হাসান বলেন, অর্থ আত্মসাতের মামলায় রাকিবুল ইসলামের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।