Published : 10 May 2026, 05:12 PM
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা রোড রোলারকে ধাক্কা দিয়েছে। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ওসি মো. আবু তাহের।
নিহত রুমানা বেগম (৫০) কসবা উপজেলার তেতুইয়া গ্রামের বাবরু মিয়ার মেয়ে।
আহতরা হলেন, সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার শিক্ষার্থী হালিমা আক্তার, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে জেলা শহরের দিকে আসছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত একটি রোড রোলারকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক রুমানা বেগমকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ওসি মো. আবু তাহের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।