Published : 29 Jun 2025, 01:40 PM
অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণ দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বর মুক্ত মঞ্চে ‘ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপদেষ্টার পাশাপাশি সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমার অপসারণও দাবি করা হয় এবং এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেওয়া হয়।
সমাবেশে পার্বত্য চট্টগ্রামে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রকল্পে খাদ্য শস্য-অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যমূলক বণ্টন এবং পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ত্রিপুরা-মারমা সম্প্রদায়ের প্রতিনিধি বঞ্চিত রাখার অভিযোগ করেন বক্তারা।
সভাপতির ব্ক্তব্যে খাগড়াছড়ি-মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় খাদ্যশস্যের অর্থ নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাদ্দ দিয়ে বৈষম্য করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমাকে পদ থেকে অপসারণ করা না হলে বিক্ষুব্ধ জনগোষ্ঠী রাজপথে নামতে বাধ্য হবে এবং অবরোধ কর্মসূচি পালন করবে।”
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, মারমা যুব নেতা ইঞ্জিনিয়ার ক্যরী মগ, যুব নেতা উজ্জল মারমা, মহিলা নেত্রী মউক্রাচিং মারমা, অংগ্য মারমা, মারমা যুব সমাজ নেতা চাইহ্লাপ্রু মারমা।