কিশোরগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে, নিহত ২
এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে অষ্টগ্রাম থানার ওসি মো. সোয়েব খান জানান।
নিহতরা হলেন- পাশের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের আব্দুল হামিদের ছেলে নূরে আলম (৪৩) এবং একই ইউনিয়নের মালিউন্দ গ্রামের আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সোয়েব খান বলেন, সকালে একটি পিকআপ ভ্যানে করে ১৫-২০ জন লোক মিঠামইনের ঘাগড়া এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি দরবার শরীফে যাচ্ছিলেন।
পথে অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে যানটিতে থাকা যাত্রীরা আহত হন।
আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলমকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত হাদিস মিয়াকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরই পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে যান জানিয়ে ওসি সোয়েব খান বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
