১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জমির বিরোধ: ‘চাচাতো ভাইয়ের হাতে’ প্রতিবন্ধী ভাই নিহত

“খাবার না পেয়ে দোকানি হাসিনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করেন তিনি।”

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 01:19 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে তার চাচাতো ভাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  

রোববার সকালে মল্লিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান জানিয়েছেন। 

নিহত ৪৫ বছর বয়সী তবিবর রহমান ওই গ্রামের নবিস উদ্দিনের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি আজাদ রহমান বলেন, “মানসিক প্রতিবন্ধী তবিবর রহমান সকালে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে খাবার চান। খাবার না পেয়ে দোকানি হাসিনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করেন তিনি। পরে তিনি মাঠের দিকে পালিয়ে যান।

“এ ঘটনায় তবিবরের চাচাতো ভাই শাকিল মাঠে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে তবিবরের বুকের নিচে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তবিবরের মৃত্যু হয়। “

ঘটনার পর থেকে শাকিল হোসেন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।