Published : 31 Dec 2024, 06:39 PM
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুরে অভিযান চালিয়ে তিন প্রজাতির ২৮০ কেজি কচ্ছপ উদ্ধার করেছে।
ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক মঙ্গলবার জানান, সোমবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা ও টামটায়, হাজীগঞ্জ উপজেলার মাইশামোড়া মৎস্য আড়তে অভিযান চালানো হয়।
পরে তিন প্রজাতির সাত মণ কচ্ছপ (আনুমানিক ২৮০ কেজি) জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে কচ্ছপ পাচারকারীরা পালিয়ে গেছে।
এসব কচ্ছপের মধ্যে রয়েছে- ১৭০ কেজি সুন্ধি কাছিম, ১০০ কেজি করি কাইট্টা এবং ১০ কেজি হলুদ কচ্ছপ। এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুচিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে এক দল অসাধু মানুষ এ পাচার কাজ পরিচালনা করে আসছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর থেকে এর আগে ২০ মণ কচ্ছপ আটক করেছিল।
কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।