থানার মধ্যে ‘ছড়ানো’ এইচএসসির প্রশ্নপত্র, তদন্তে কমিটি
দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও এক কনস্টেবলকে নওগাঁ পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
নওগাঁর ধামইরহাটে থানার মধ্যে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতের এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন নওগাঁ পুলিশ সুপার সাফিউল সারোয়ার।
তিনি বলেন, ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ধামইরহাট থানা হেফাজতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখা হয় একটি সিলগালা করা ট্রাঙ্কে। এর দুটি তালা ভেঙে ফেলা হয়েছে।
“সেখানে রাজশাহী বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্রের ৫০টি প্রশ্নপত্রের মধ্যে কয়েকটি ছড়ানো অবস্থায় পাওয়া যায়। কিছু প্রশ্নপত্র ছেড়াও হয়েছে।”
ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। তবে আমার জানামতে কোনো প্রশ্নপত্র খোয়া যায়নি।”
