১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান

“দেশে ব্যবহৃত পাথরের মাত্র ছয় শতাংশ আসে অভ্যন্তরীণ উৎস থেকে।”

অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “জনগণের সম্পদ পাথর যারা বেআইনিভাবে উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করবে।” 

শনিবার বিকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সরকার পাথর কোয়ারি থেকে যে রাজস্ব পায়, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে। দেশে ব্যবহৃত পাথরের মাত্র ছয় শতাংশ আসে অভ্যন্তরীণ উৎস থেকে। এ সামান্য প্রয়োজন মেটাতে আমাদের অমূল্য প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হয়।”

এর আগে তিনি পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিলেট অঞ্চলের পরিবেশ রক্ষা, বন সংরক্ষণ এবং নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

সিলেটের অনন্য প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে মন্তব্য করে সৈয়দা রিজওয়ানা হাসান নদী ও হাওর রক্ষা, খননকৃত বালুর ব্যবস্থাপনা, পাহাড়-টিলা সংরক্ষণে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি কার্যালয়ে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বন্ধ এবং পাহাড়-টিলা কাটা বন্ধে সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেন।

বন্যা নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড এবং আকাশমণি গাছ কেটে স্থানীয় প্রজাতির গাছ রোপণের জন্য তিনি বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। একইসঙ্গে অবৈধ স্টোন ক্র্যাশিং মেশিনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের তাগিদ দেন।

এ সময় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, যেখানে যেখানে কৃষিজমি পতিত আছে, সেগুলো আবাদের জন্য পরিকল্পনা করতে হবে।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ফেরদৌস আনোয়ার।

দুপুরের দিকে উপদেষ্টারা জাফলংয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ইকো-ট্যুরিজম উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। তারা জাফলং স্টোন মিউজিয়াম ও হরিপুর রেস্ট হাউজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।