Published : 19 Aug 2025, 06:10 PM
কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নাগরিক নারীকে যৌন নিপীড়নের দায়ে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।
সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথির বরাতে আইনজীবী তাওহীদুল আনোয়ার বলেন, ওই মার্কিন নারী স্বামীর চাকরি সূত্রে কক্সবাজার শহরে বসবাস করেন। গত ১০ মার্চ অপর এক নারীকে নিয়ে তিনি প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন।
পরে সার্কিট হাউজ এলাকায় তারিকুল ইসলাম ওই নারীকে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে ওইদিনই কক্সবাজার সদর থানায় মামলা করেন।
পরে ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন। এরই ধারাবাহিকতায় ২১ মার্চ থেকে বিচারকাজ শুরু হয়।
আইনজীবী তাওহীদুল আরও বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক রায় ঘোষণা করেন।
রায়ে আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।