Published : 01 Feb 2026, 06:13 PM
গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের।
রোববার দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেটে নিজ নির্বাচানি এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘হ্যাঁ’তে ভোট দিলে বাংলাদেশ একটি উগ্রপন্থী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে। বাইরের কোনো শক্তির আধিপত্য এদেশে হতে দেওয়া যাবে না। এই অন্তর্বতীকালীন সরকারের গণভোট করার অধিকার নাই। একটি নির্বাচিত সরকার গণভোট করতে পারে।
“জনগণ বিবেচনা করবেন কোনটা ভালো আর কোনটা খারাপ। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশেকে আর রক্ষা করা যাবে না।”

এ সময় জিএম কাদের আরও বলেন, “নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশটা সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদে পরিণত হবে। জনগণ যেটা ভালো মনে করবে, সেটাই আমরা মেনে নেব।”
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি সাবেক মেয়রমো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।