Published : 18 Jul 2026, 06:44 PM
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন স্মরণে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘বি’ এর নিচতলার একটি কক্ষে কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিনের পরিচালিত কিন স্কুলের সুবিধাবঞ্চিত ৮০ শিক্ষার্থীর মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় শহীদ রুদ্র সেনের বড় বোনের সহায়তায় স্কুলটির শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার, অধ্যাপক জুবায়ের বিন মুখলেস, প্রভাষক নওরিন খানম ও মো. মোহাইমিনুল ইসলাম, কিনের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাইয়াজ আল মুহাইমিন উপস্থিত ছিলেন।

কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনন্দ দত্ত বলেন, “আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ রুদ্রের মৃত্যুর দুই বছর পূর্ণ হল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
“গত দুই বছরে আমরা বারবার প্রশাসনের কাছে রুদ্রের স্মৃতিকে যথাযথ মর্যাদা দিতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছি। কিন্তু এখনও এ বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি বা কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাইনি।”
রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ১৮ জুলাই সন্ধ্যায় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় একটি খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়।