Published : 10 May 2026, 07:55 PM
জুলাই সনদে স্বাক্ষরের সময় বিএনপি যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, তা বাদে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেছেন, “একটি পক্ষ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের দলীয় এজেন্ডা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমরা পরিষ্কার করতে চাই, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।
“তবে বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের সময় যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তা বাদে বাস্তবায়ন কারা হবে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমরা যে চারটি বিষয়ে স্বাক্ষর করছি, গণভোটে তার একটি পরিবর্তন হয়েছে। কাজেই আমরা গণভোটের পক্ষে নই।”
রোববার বিকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের নির্মাণাধীন ভবনের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, “ভিন্ন মতকে গণতন্ত্র বলা হয়। কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই।
“আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা বলি সবার আগে বাংলাদেশ। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছেন, সেটি যথাযথভাবে পালন করতে চাই।”
বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে দুলু বলেন, “আমাদের দল জুলাই বিপ্লবের আগেই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। জুলাই সনদে স্পষ্ট উল্লেখ ছিল, যে দল জনগণের রায় পেয়ে সরকার গঠন করবে তারা নোট অব ডিসেন্টসহ বাস্তবায়ন করবে।”

এদিন দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।
সেখানে মতবিনিময় সভায় তিনি বলেন, কুড়িগ্রামকে এখনো পশ্চাৎপদ জেলা হিসেবে দেখা হয়। এই জেলাকে উন্নত জেলার কাতারে নিতে জনপ্রতিনিধি ও গণমাধ্যমের দায়িত্ব রয়েছে।
সাংবাদিকরা সঠিকভাবে সমালোচনা করলে জনপ্রতিনিধি সঠিক পথে থাকেন; এতে দেশ ও জনপদের উন্নয়ন হয় বলে মনে করেন দুলু। বলেন, সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হলে সাংবাদিকতার মান যেমন বাড়ে, তেমনি এলাকার উন্নয়নও ত্বরান্বিত হয়।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারের পরিচালনায় সভায় জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও শফিকুল ইসলাম বেবু, আহসান হাবীব নীলু, অধ্যাপক লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজ বক্তব্য দেন।