২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহারের আহ্বান জাবি উপাচার্যের

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মোহাম্মদ কামরুল আহসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 03:44 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরও মানবিক ও বিজ্ঞানভিত্তিক করার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ চত্বরে শোভাযাত্রা ও দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন বিশেষ গুরুত্বারোপ করছে জানিয়ে উপাচার্য বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতন হওয়া এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা জরুরি।

নিজ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগকে দেশের জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। 

কামরুল আহসান বলেন, সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি। তাই চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরও মানবিক ও বিজ্ঞানভিত্তিক করার বিকল্প নেই। 

বিশ্ববিদ্যালয়ের সীমিত সামর্থ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উপাচার্য।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন সকালে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- পরিষ্কার-পরিচ্ছন্নতা, হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।