১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবকের গোপনাঙ্গ কর্তন

নিজেকে রক্ষা করতেই ওই নারী ব্লেড দিয়ে আঘাত করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 04:16 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ধর্ষণ চেষ্টার অভিযোগে ঝালকাঠি সদর উপজেলায় এক যুবকের গোপনাঙ্গ কর্তনের খবর পেয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান জানান।  

৪০ বছরের ওই যুবকের বাড়ি বরিশাল হলেও তিনি ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। 

স্থানীয়রা তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।  

পুলিশ জানায়, বাড়ি খালি পেয়ে এক নিকটাত্মীয় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন ওই যুবক। তিনি বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিলেন বলে ওই নারী অভিযোগ করেছেন। নিজেকে রক্ষা করতেই তিনি ব্লেড দিয়ে আঘাত করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। 

এ ব্যাপারে জানতে আহত যুবকের মোবাইলে ফোন করা হলে প্রথমে তিনি তা ধরেন। কিন্তু সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে ফোন করলেও আর ধরেননি। 

ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।