১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ, তীব্র জট

এতে বরিশাল বিভাগের সব জেলা-উপজেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথের বাস চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 05:19 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অবরোধ চলছিল। 

এতে বরিশাল বিভাগের সব জেলা-উপজেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ পথের বাস চলাচল বন্ধ রয়েছে। দুপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ছে। ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। 

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বিকেল সাড়ে ৪টার দিকে বলেন, “শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে। দুই পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে আছে।” 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “আমাদের বন্ধুরা মারা গেছে, এখনো কেউ কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ এখনও সঠিকভাবে কারা মারা গেছে, কারা আহত তার কোনো তালিকা নেই। আমরা ন্যায়বিচার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”

শিক্ষার্থীরা তাদের দাবি ব্যাপারে বলেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে। অপরদিকে আহতদের নির্ভুল তালিকা ও পরিসংখ্যান প্রকাশ করতে হবে; শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যের ক্ষমা চাইতে হবে; নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে; পূরাতন ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নিরাপদ বিমান চালু করতে হবে।