নেত্রকোণায় হাওরে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ
“নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে পারলেও দুইজনের খোঁজ মিলছে না।”
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে বালুবোঝাই নৌকাডুবিতে দুইজন শ্রমিক নিখোঁজ হয়েছেন।
ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
মোহনগঞ্জের হাওরে আদর্শনগরের কাছাকাছি এলাকায় সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান।
নিখোঁজ দুই শ্রমিক হলেন- জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
মোহনগঞ্জ ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, “পূর্বধলা থেকে বালুবাহী নৌকাটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। পথে আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়।
“এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে পারলেও দুইজনের খোঁজ মিলছে না।”
তিনি বলেন, “মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে ভারি বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।”
