১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

জব্দ ডিজেল বৃহস্পতিবার নিলাম করা হবে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 10:22 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে সাত হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

এ সময় বাজারের ব্যবসায়ী জুয়েল সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত জানায়, জুয়েল বরিশালের একটি ডিপো থেকে সাত হাজার লিটার ডিজেল সংগ্রহ করেন। ক্রয় রশিদের ঠিকানা অনুযায়ী ডিজেল ঝালকাঠিতে যাওয়ার কথা। কিন্তু জুয়েল খোলা বাজারে বিক্রির জন্য সেটি ভোজেশ্বর বাজারে নিয়ে আসেন। 

বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) তেলের লরিটি জব্দ করেন। পরে বরিশালের পদ্মা ডিপো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারেন, এই ডিজেল শরীয়তপুরে বিক্রির অনুমতি ছিল না।

সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, জব্দ করা ডিজেল বৃহস্পতিবার নিলাম করা হবে।

ব্যবসায়ী জুয়েল সরদার বলেন, তার সার, বীজ ও ডিজেল বিক্রির দোকান। তিনি বিক্রির জন্য এই ডিজেল সংগ্রহ করেছিলেন।