১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ৪ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১১

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়, বলেন পুলিশ সুপার।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 12:17 AM

Updated : 26 Aug 2026, 01:16 PM

গোপালগঞ্জের আবুল খায়ের সেতুর টোল প্লাজা থেকে চারটি বিদেশি পিস্তলসহ ১১ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই সেতুর টোল প্লাজায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাগেরহাট জেলা ডিবি ও মোল্লাহাট থানা পুলিশ।

বাগেরহাট জেলা ডিবি পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সময় চারটি ৭.৬২ মিমি চীনা পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করার তথ্য দিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঝিনাইদহের মহেশপুরের কানাই ডাঙ্গা গ্রামের কাউসার আলী (৪৩), আতাউর রহমান (৩০), ধান্য হরিয়া গ্রামের আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), মাসুম পারভেজ (২২), গয়েশপুর গ্রামের জনি মিয়া (২৭), হরিণাকুণ্ডু থানার বাসুদেবপুর গ্রামের মো. মেহেদী হাসান (২৩), সাবেক বিন্দু গ্রামের মো. খোকন বিশ্বাস (৪৫), সেলিম শাহ (৩৪), সড়াবাড়ি গ্রামের খোকন মিয়া (৩৫) এবং ঝিনাইদহ সদর থানার হামোদ মোড় গ্রামের প্রসেনজিৎ চন্দ্র দাস (২৫)।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদ আরিফ ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের আবুল খায়ের সেতুর টোল প্লাজায় এ বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

”তারা বাগেরহাট জেলায় নাশকতা করতে আসছিল বলে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে মোল্লাহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।“