Published : 21 Aug 2026, 04:55 PM
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক পোস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের তিতুমীর হলের সামনে এ ঘটনা ঘটে। পরে তা বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ও শহীদ হাদি চত্বর পর্যন্ত ছড়ায়।
ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ বলেন, বিষয়টি সমাধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত মণ্ডলকে ক্যাম্পাসের বাইরে ডেকে নিয়ে মারধর করা হয়।
এ ঘটনায় স্বাগত মণ্ডল ডিবেটিং সোসাইটি ও আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন।
এদিকে ডিবেটিং সোসাইটির নতুন কমিটির পদ নিয়ে ফেইসবুক দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসাইন এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এ নিয়ে পরবর্তীতে ইমন হোসাইন মেসেঞ্জারে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজকে হুমকি দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের গালমন্দ করতে থাকেন। এক পর্যায়ে আইন এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে আইন বিভাগের শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ বলেন, “বিষয়টি সমাধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করা হবে। আমরা পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি।”
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।