১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আধিপত্য বিস্তার: হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে নারী নিহত

সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় তিনটি দোকানও ভাঙচুর করা হয়।

আধিপত্য বিস্তার: হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে নারী নিহত
হবিগঞ্জের বানিয়াচং থানা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 11:05 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।

বুধবার রাতে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের গুণই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ। 

নিহত আখলিমা বেগম (৪৫) একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরী গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

এর জেরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় তিনটি দোকানও ভাঙচুর করা হয়।

ওসি শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন আছে।