১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘পাওনা টাকা না পেয়ে’ শ্রমিককে পিটিয়ে হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 02:08 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ‘পাওনা টাকা দিতে না পারায়’ এক তাঁত শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুভ মোল্লা। এর আগে একই দিন সকালে তাকে পেটানো হয়।

নিহত ১৮ বছর বয়সী শুভ মোল্লা বেলকুচির কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লার ছেলে।

তামাই গ্রামের একটি তাঁত কারখানার শ্রমিক ছিলেন তিনি।

নিহতের স্বজনরা বলছে, কোনাবাড়ি গ্রামের শাহীন নামের এক ব্যক্তি তাঁত শ্রমিক শুভর কাছে এক হাজার টাকা পেত। সেই টাকা ফেরত দিতে না পারায় মঙ্গলবার সকালে শুভকে কারখানা থেকে ডেকে নিয়ে যায় শাহীন ও তার বন্ধু হাসান। এরপর শুভকে এলোপাতাড়ি বাঁশ দিয়ে মাথায় আঘাত করতে থাকে তারা।

এ সময় স্থানীয়রা এগিয়ে এলে শাহীন ও হাসান পালিয়ে যায়। শুভকে উদ্ধারের পর প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেলে ভর্তি করা হয়।

সেখানে শরীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শুভর মৃত্যু হয়।

ওসি শহিদুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় স্বজনরা শুভর মরদেহ বাড়িতে নিয়ে দাফন করেন। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।