১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভে সড়ক-রেল অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

“দাবি না মানলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 01:54 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে আবারও গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনকারীরা কর্মসূচি শুরু করেন। এতে শিমুলতলী আঞ্চলিক সড়কে যানবাহন এবং গাজীপুর-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় ওই কর্মসূচি চলছিল।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বণিক বলেন, রেলপথ অবরোধ করে বিক্ষোভ করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশনের দুইটি ট্রেন যাত্রা বিরতি করে আছে। এতে যাত্রীরাও দুর্ভোগের মধ্যে পড়েছেন।

এর আগে গত শনিবার দুপুরের দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা গাজীপুরের শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীর জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য।

শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে তারা লোক দেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “দাবি না মানলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।”

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি।

এদিকে সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ যাত্রী ও কর্মজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিকল্প সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে জামালপুরগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী মো. সাইফুল ইসলাম বলেন, “ঢাকা থেকে ছাড়তে ট্রেনটি বিলম্ব করেছে। প্রায় পাঁচ ঘন্টা পর জয়দেবপুর জংশনে এসে ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে প্রায় দেড় ঘন্টা ধরে বসে আছি। একই কারণে ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর একপ্রেস’ ট্রেনটিও এ জংশনে দীর্ঘ সময় ধরে যাত্রা বিরতি করেছে।”

গাজীপুর সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন।