প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ‘দলবেঁধে ধর্ষণের’ শিকার কিশোরী, গ্রেপ্তার ২
নরসিংদীর রায়পুরায় আসামিদের বিরুদ্ধে ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
নরসিংদীর রায়পুরায় প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়া এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া আসামিদের বিরুদ্ধে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার দুই দিন পর সোমবার সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম।
গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার বাসিন্দা মো. দিপু (১৮) এবং রাকিব হাসান রুবেল (২০)।
শনিবার রাতে উপজেলার একটি গ্রামে ঘটনার পরদিন ভুক্তভোগী মেয়েটির পরিবারের পক্ষ থেকে প্রেমিকসহ পাঁচজনের নামে থানায় মামলা করা হয়।
পুলিশ ও স্বজনরা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেয়েটির (১৬) সঙ্গে ১৭ বছরের এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন সন্ধ্যায় মেয়েটি প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন তাদের আটক করে মারধর করেন।
এক পর্যায়ে ছেলেটি পালিয়ে গেলেও কিশোরীকে একটি নির্জন পতিত জমিতে নিয়ে ধর্ষণ করা হয়। পরে রাত ২টার দিকে মেয়েটি বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানান।
পুলিশ জানায়, ঘটনার পরদিন ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বিরুদ্ধে মামলা করেন। পরে মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
মামলার বরাতে পুলিশ পরিদর্শক ফরিদুল আলম বলেন, “আসামি দিপু ও রাকিব মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে আরও দুইজন ঘটনাস্থলে এসে মেয়েটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।”
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুরে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
