সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
"ট্রাকে থাকা আমগুলো নিহতের সঙ্গে থাকা দুই ব্যবসায়ী নিয়ে গেছেন।"
সিরাজগঞ্জে আম বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন।
নিহত ৩৭ বছর বয়সী আব্দুস সবুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাফেজ আলীর ছেলে।
ওসি ইসমাইল বলেন, “চাপাইনবাবগঞ্জ থেকে টাঙ্গাইলগামী আম বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় আমের ঝুড়ির নিচে চাপা পড়ে আব্দুস সবুর ঘটনাস্থলেই মারা যান।”
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকতৃা জানিয়েছেন।
তিনি বলেন, “নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকে থাকা আমগুলো নিহতের সাথে থাকা অপর দুই ব্যবসায়ী নিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।”
