১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মায় বাসডুবি: দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে বসল সুরক্ষা রেলিং

দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌপথের সব ঘা‌টে সুরক্ষা রেলিং বসা‌নোর কথা বলছে কর্তৃপক্ষ।

পদ্মায় বাসডুবি: দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে বসল সুরক্ষা রেলিং
রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পল্টুনে বসানো হয়েছে সুরক্ষা রেলিং।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 06:56 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার ফে‌রিঘা‌টে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় ২৬ জনের প্রাণহানির পর অবশেষে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পল্টুনে বসানো হল সুরক্ষা রেলিং। এতে যাত্রী ও যানবাহন পারাপারে কিছুটা হলেও কমেছে ঝুঁকি।

পর্যায়ক্রমে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌপথের সব ঘা‌টে সুরক্ষা রেলিং বসা‌নোর কথা বলেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলত‌দিয়া ঘাট শাখার এজিএম সালাহউদ্দিন।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন পারাপার হয়। তবে ফেরিঘাটের পল্টুনে সুরক্ষা রেলিং না থাকায় প্রতিনিয়ত ঘটত ছোটবড় দুর্ঘটনা। সম্প্রতি বাসডুবির ঘটনায় ২৬ জনের প্রাণহানির পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়।

ঘাটের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে বসানো হয়েছে সুরক্ষা রেলিং। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও চালকরা।

ঝিনাইদহ থে‌কে আসা ট্রাক চালক মো. বাবুল মোল্লা ব‌লেন, “সেই রে‌লিং বসা‌ল, ২৬ জন মরার পর। আরও আগে বসা‌নো উচিৎ ছি‌ল। আগে বসলে হয়‌ত এত মানুষ করত না। দে‌ড়ি‌তে হলেও আমরা খু‌শি।” 

আরেক ট্রাক চালক মাসুদ হো‌সেন ব‌লেন, “রে‌লিং ব‌সি‌য়ে‌ছে, এটা ভা‌লো হয়ছে। এহন কোনো বাস বা ট্রাক ব্রেক ফেল কর‌লে রে‌লিংয়ে আটকে যা‌বে। আর দুর্ঘটনা ঘট‌বে না হয়‌ত। এর সা‌থে ঘা‌টে উঠানামার রাস্তাটাও ঠিক কর‌তে হ‌বে। এ‌্যব‌ড়ো থেব‌ড়ো রাস্তায় এ‌্যা‌ক্সি‌ডেন্ট হয়।”

কু‌ষ্টিয়া থে‌কে আসা ঢাকামু‌খী যা‌ত্রী আব্দুল বা‌তেন ব‌লেন, “রে‌লিং দেওয়া‌তে হয়‌ত আর বড় দুর্ঘটনা ঘট‌বে না। আরও আগে এই উদ্যোগ নেওয়া দরকার ছি‌ল। শুধু রে‌লিং না কর্তৃপক্ষকে আরও চিন্তা কর‌তে হ‌বে, কি কর‌লে আরও বে‌শি নিরাপত্তা দেওয়া যায় যানবাহন ও যাত্রী‌দের।”

বিআইড‌ব্লিউটিএ ও বিআইড‌ব্লিউটিসি কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দা শ‌ফিকুল ইসলাম শামীম ব‌লেন, শুধু রেলিং বসানোই যথেষ্ট নয়; ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে স্থায়ী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সেইসঙ্গে এ অঞ্চ‌লে যেন এ ধর‌ণের ঘটনা আর না ঘ‌টে সেজন‌্য দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণেরও দা‌বি জানান তিনি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার এজিএম সালাহউদ্দিন ব‌লেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পর্যায়ক্রমে সব ফেরিঘাটে সুরক্ষা রেলিং বসানো হবে। এর মধ্যে ৭ নম্বর ঘাট দিয়ে বাস্তবায়ন শুরু হয়েছে।

শুধু ৭ নম্বর ফে‌রিঘা‌টে নয় দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌপথের সব ঘা‌টে সুরক্ষা রেলিং বসা‌নো হ‌বে বলে জানিয়েছেন তিনি।