Published : 02 Jun 2026, 02:41 PM
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখে-গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার ভোরে স্থানীয় তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন এলাকার সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের ধারণা, তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরনে জলপাই-সবুজ রঙের টি-শার্ট ও সাদা চেক ট্রাউজার ছিল।
ওসি মো. জাকির হোসেন বলেন, “নিহতের মুখের ডান দিকে বীভৎস আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আশপাশের কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।”
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।