সংস্কার শেষে ৭ মাস পর উৎপাদনে বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট
উৎপাদনের শুরুতেই জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।
দীর্ঘ প্রায় সাত মাস পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
বুধবার বিকাল ৫টায় এটি চালু হয়েছে বলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান।
উৎপাদন শুরুতেই জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে ২৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হবে।
প্রধান প্রকৌশলী বলেন, বর্তমানে তিন নম্বর ইউনিটের সঙ্গে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটটিও চালু আছে। এক নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত আছে।
তিনি বলেন, “তৃতীয় ইউনিটের বড় ধরনের ওভারহোলিং কাজের জন্য দীর্ঘ সময় লেগেছে। তৃতীয় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে ফিরে আশায় লোডশেডিংয়ের মাত্রা অনেকাংশে কমে আসবে।”
