Published : 15 Sep 2026, 06:57 PM
মুন্সীগঞ্জ পৌর এলাকায় পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের দেওভোগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী সরকার।
নিহত দেলোয়ার হোসেন (৪৫) মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি আমতলা এলাকার বাসিন্দা। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্বজনরা জানান, দুপুরে দেলোয়ার হোসেন তার ফুফাতো ভাইয়ের বাসার পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ভেতরে নামেন। পরে তিনি ভেতরে অচেতন হয়ে পড়েন।
তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী সরকার বলেন, “তাকে আমরা মৃত অবস্থায় পাই। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।”
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্বজনেরা বলেছেন দেলোয়ার হোসেনের মৃগী রোগ ছিল। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।