Published : 25 Jun 2026, 08:35 PM
নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে লাইট পোস্টে সাদা কাপড়ে কালো আরবি হরফে ‘কালিমা’ লেখা পতাকা ঝুলতে দেখা গেছে।
বুধবার রাতে লাগানো এসব পতাকা সদর উপজেলার শিবু মার্কেট থেকে জালকুড়ি পর্যন্ত অন্তত এক কিলোমিটার সড়কজুড়ে উড়ছে।
বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাতে কিছু মাদ্রাসা ছাত্র এসব পতাকা সড়কটিতে স্থাপন করে গেছে। তবে, কী উদ্দেশে এসব পতাকা সড়কের দুই পাশে লাগানো হয়েছে তা বলতে পারেননি কেউ।
সরজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকায় ওভারপাসে বৈদ্যুতিক পিলারে উড়ছে সাদা পতাকা। এসব পতাকায় কালো কালিতে আরবি হরফে ইসলাম ধর্মের কালিমা লেখা রয়েছে। সড়কের দুই পাশে একশর বেশি পতাকা লাগানো হয়েছে।

সড়কের পাশের দোকানি আবুল কালাম বলেন, বুধবার রাত ৯টার দিকে কিছু মাদ্রাসা ছাত্র এসব পতাকা লাগিয়ে গেছে। তারা রাত ১১টা পর্যন্ত এসব পতাকা লাগায়।
“তবে কেন পতাকা লাগাচ্ছে, তা তো জিজ্ঞেস করিনি,” বলেন দোকানি।
প্রাইভেট কার চালক মো. রায়হান বলেন, “আমি মূলত শুক্রবার থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই পতাকাগুলো দেখতে পাচ্ছি। রাস্তায় চলাচলের সময় বিশেষ করে ফ্লাইওভারের নিচে, উপরে এবং ফ্লাইওভারের পিলারের সঙ্গে এসব পতাকা লাগানো রয়েছে।
“অনেকে বলছেন, এগুলো কালিমার পতাকা হতে পারে। সাদা ব্যানারের মধ্যে কালিমার লেখা রয়েছে এমনটাই দেখা যাচ্ছে। তবে কী উদ্দেশ্যে বা কারা এগুলো লাগিয়েছে, সে বিষয়ে আমি জানি না।”
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এসব পতাকা লাগানোর সময়ে ধারণ করা ভিডিওতে এক মাদ্রাসা ছাত্রকে বলতে শোনা যায়, এ সড়কটির শিবু মার্কেট, জালকুড়ি ও ভূঁইগড় এলাকায় তারা এ ধরনের পতাকা লাগিয়েছেন।
ভিডিওতে ওই তরুণ দাবি করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি এলাকাতেও কালেমা-খচিত কিছু পতাকা লাগানো হয়েছিল। কিন্তু সেগুলো সরিয়ে ফেলায় প্রতিবাদ হিসেবে নারায়ণগঞ্জের সড়কেও তারা এমন উদ্যোগ নিয়েছেন। নারায়ণগঞ্জে প্রায় ১৫০০ পতাকা লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের।

তবে, ভিডিওতে কথা বলা ওই তরুণের পরিচয় নিশ্চিত করা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ফুটবল বিশ্বকাপ খেলা চলমান থাকায় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের পতাকা টানানোর বিষয়টি দেখা যাচ্ছে। তবে সাদা কাপড়ে কালেমা লেখা পতাকা লাগানোর বিষয়টি তাদের নজরে আগে আসেনি।
“বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং কারা, কী উদ্দেশ্যে এগুলো লাগিয়েছে, তা জানার চেষ্টা করা হবে”, বলেন তিনি।