১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 07:02 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদ স্থগিত করা হয়েছে। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে শাকসুতে এজিএস পদে নির্বাচন করছেন। 

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সাংগঠনিক পদ স্থগিত করা হল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

পদ স্থগিতের বিষয়ে মো. জহিরুল ইসলাম বলেন, “দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি শাকসু কেন্দ্রিক কিছুই করিনি। একইসঙ্গে আমি সাধারণ শিক্ষার্থীদের মতামতকেও সম্মান করার চেষ্টা করছি। কী কারণে পদ স্থগিত করল, সংগঠন আমাকে নির্দিষ্ট কোনো কারণ বলেনি। তবে পদ স্থগিতের মত আমি শৃঙ্খলা ভঙ্গ করিনি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “যে বা যারা দলের শৃঙ্খলা বহির্ভূত কাজ করবে, তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। জহির শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “কোনো শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ স্থগিত হয়ছে, এটা কেন্দ্রীয় দপ্তর বা নেতারা ভাল বলতে পারবেন। আমাদের বড় সংগঠনগুলো আছে, এগুলোর মধ্যে সামান্য একটু কথা কাটাকাটি হতেই পারে। এটা কোনো বিষয়ও না। এটা সিলি ইস্যু।”