ঝালকাঠিতে ছেলেকে হামলা থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
স্থানীয়রা জানায়, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে।
ঝালকাঠির নলছিটি উপজেলায় ছেলেকে হামলার হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার বিকালে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী আক্কাস খান ওই গ্রামের বাসিন্দা। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকালে বাড়ির সামনের রাস্তায় জসিমকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান, ভাই শফিক খান এবং তাদের সহযোগীরা হামলা চালান। জসিমের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে গেলে তার বাবা আক্কাস খানও হামলার শিকার হন।
তাদের ভাষ্য, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে রাত সাড়ে ১১টার দিকে আক্কাস খানের মৃত্যু হয়।
আহত জসিম খান বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
