১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচন: হিলি স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ

এর মধ্যে শুধু ভোটের দিন ইমিগ্রেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংসদ নির্বাচন: হিলি স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুরের হিলি স্থলবন্দর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 04:49 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে তিন দিন পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর মধ্যে শুধু ভোটের দিন ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বুধবার ও শুক্রবার পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম মণ্ডল বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার সাপ্তাহিক ছুটি। 

ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হিলি বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের জানানো হয়েছে। তারা এ বিষয়ে সম্মতি দিয়েছে।

আগামী শনিবার থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে বলে জানান শাহিনুর ইসলাম।

হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি মো. আরিফুল ইসলাম বলেন, শুধুমাত্র ভোটের দিন ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ ছাড়া অন্য দিনের মতো সরকারি ছুটির দিনেও বৈধ পাসপোর্ট-ভিসাধারীরা এ পথ ব্যবহার করে বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করতে পারবেন। 

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকে বলে জানান ওসি।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা (আরও) এম আর জামান বাঁধন বলেন, বন্দরের ওয়্যারহাউসে পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে তিন দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।