Published : 12 Jan 2026, 09:40 PM
খুলনায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
ইউনিসেফের অংশীদারিত্বে এ আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ২০ কিশোর-কিশোরী অংশ নেয়।
সোমবার বিকালে শহরের সিএসএস-আভা সেন্টারে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শুভ্র শচীন।
এতে খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক ও ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু এবং কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির।
অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, অধিকার, জাতিসংঘ শিশু সনদ, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ, মাঠে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ, সেগুলোর সম্ভাব্য সমাধান এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টেক সম্পাদক হাসান বিপুল।
কর্মশালা শেষে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় শিশু সাংবাদিকরা।