প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরের সেই শিশু: বাবা-মা বললেন, স্বপ্নের মত অনুভূতি
প্রধানমন্ত্রী যশোর সফরে গিয়ে রাস্তার পাশে ফুল হাতে মায়ের কোলে থাকা এক শিশুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
যশোর সফরের সময় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো সাত মাস বয়সী শিশু আন নাসরের জন্য বিশেষ উপহার পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত শিশুটির বাবা-মা। তারা বলছেন, “আমরা যেন স্বপ্নের ভেতর আরেক স্বপ্ন দেখছি।”
বুধবার শিশুটির বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন।
সোমবার যশোর সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ফেরার সময় রাস্তার পাশে মায়ের কোলে ফুল হাতে থাকা শিশু আন নাসরকে দেখতে পান তিনি। এ সময় নিরাপত্তাকর্মীরা মা ও শিশুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে প্রধানমন্ত্রী বাস থামিয়ে নেমে আসেন।
প্রধানমন্ত্রী শিশুটির মা আফরোজা খাতুন নীলিমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং শিশুটিকে কোলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে তাদের সঙ্গে একটি ছবি তুলে বিদায় নেন তিনি।
ঘটনার পর প্রধানমন্ত্রী শিশুটির জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মাধ্যমে সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়।
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “প্রধানমন্ত্রী বাস থেকে নেমে শিশুটির সঙ্গে দেখা করেন, এটি সত্যিই অভাবনীয়। শিশুদের প্রতি তার ভালোবাসারই বহিঃপ্রকাশ এটি।”
শিশুটির মা আফরোজা খাতুন বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। আমরা সাধারণ মানুষ- প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন সম্মান পাওয়া আমাদের জন্য বিরাট প্রাপ্তি।”
শিশুটির বাবা সাজেদুর রহমান পাপ্পু বলেন, “প্রধানমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু তিনি আমার সন্তানের জন্য উপহার পাঠাবেন, এটা কল্পনাও করিনি। এটি আমার জীবনের একটি বড় প্রাপ্তি।”
