বিজয় দিবসে কুমার নদে নৌকা বাইচ
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে কুমার নদের দুপাড়ে ভিড় করেন শত শত নারী-পুরুষ।
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ।
সোমবার বিকালে কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের যুবসমাজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে কুমার নদের দুপাড়ে ভিড় করেন শত শত নারী-পুরুষ।
প্রতিযোগিতায় পয়ূরপঙ্খী ও যুব এক্সপ্রেস নামে দুটি নৌকা অংশ নেয়। এর মধ্যে বাইচে প্রথম হয় ময়ূরপঙ্খী।
বিজয়ের মাসে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আয়োজক কমিটির সদস্য গিয়াস উদ্দিন গালিব বলেন, “বিজয় দিবসের আনন্দ উদযাপনের জন্য আমরা নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। প্রতি বছর বিজয় দিবসের নৌকাবাইচ প্রতিযোগিতা আরও উৎসবমুখর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ”
বাইচ শেষে অংশগ্রহণকারী নৌকার মালিকদের হাতে নগদ টাকা তুলে দেন তরুণ উদ্যোক্তা গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, ইউপি সদস্য সাকায়েত হোসেন সাকু, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন।
