১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

তারা বলেন, দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 05:51 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি, ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবির বিরুদ্ধে এবং প্রকৌশল খাতে গঠিত অসামঞ্জস্যপূর্ণ কমিটি প্রত্যাখ্যান করে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কারিগরি ছাত্র আন্দোলন।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি শুরু হয়। 

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা দাবিতে স্লোগান দেয় এবং এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এর ফলে সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, সম্প্রতি দেশের প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে একটি অসম কমিটি গঠন করা হয়েছে, যা ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থের পরিপন্থি। এ ছাড়া ডিগ্রি প্রকৌশলীরা কিছু অযৌক্তিক দাবি নিয়ে আসছেন, যা রাষ্ট্রপক্ষের প্রত্যাখ্যান করা উচিত। 

বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, যদি তাদের দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।