Published : 12 Aug 2025, 01:31 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর মাটিতে পুঁতে রাখা এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের জানান।
নিহত ৪৫ বছর বয়সী মিজান শেখ (৪৫) শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার আজিজ শেখের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার নুরুল আমিন শামীম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গোমস্তাকান্দি এলাকার হাসেম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত ৩১ জুলাই সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান শেখ। পরে আর না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। মিজানের কোনো হদিস না পেয়ে এক পর্যায়ে তার স্ত্রী রহিমা বেগম ১ অগাস্ট শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নুরুল আমিন শামীমকে কুষ্টিয়ার কুমারখালি থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিজানের লাশ উদ্ধার করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের বলেন, “যাত্রীর ছদ্মবেশে ভ্যানে ওঠে নুরুল আমিন। পরে চালক মিজানকে কুপিয়ে হত্যার পর লাশ মাটি চাপা দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে নুরুল।
এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।